

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ আজ শনিবার জরুরি যৌথ মতবিনিময় সভা করবে। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করতে কারখানার মালিকদের নিয়ে এ সভা ডাকা হয়েছে। এদিকে গতকাল শ্রমিক সংগঠনের পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শ্রমিকনেতারা শ্রমিকদের উদ্দেশে বলেছেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে কাজে যোগ দিন। শ্রমিকনেতারা মালিকদের উদ্দেশে বলেন, বর্তমানে এক–দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।
.
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি।
.
মালিকদের সভা আজ
গত সপ্তাহের সব দিনই সাভার–আশুলিয়া এলাকায় শ্রমিক বিভোক্ষের ঘটনা ঘটে। এতে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়। তবে বৃহস্পতিবার ছাড়া গত সপ্তাহের অন্যান্য দিন গাজীপুর ছিল মোটামুটি শান্ত। প্রথম সপ্তাহের দুইদিন নারায়ণগঞ্জ এলাকায় বিক্ষোভ হলেও পরে পরিস্থিতি শান্ত ছিল।
বিজিএমইএ সূত্র জানায়, মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ বর্তমানে আশুলিয়াকেন্দ্রিক। সাভার–আশুলিয়ায় কারখানা আছে ৪১২টি। সাভারে ১৫০, আশুলিয়া থেকে জিরাব পর্যন্ত ১৩০ এবং জিরাব থেকে ইপিজেড পর্যন্ত আছে ১৩২টি কারখানা। চলতি মাসে সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ ১২ দিন উৎপাদন ব্যাহত হয়েছে ১৫০টি কারখানায়।
.
জানা যায়, বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে বিজিএমইএর কয়েকজন সাবেক সভাপতি ও বিকেএমইএর নেতাদের পাশাপাশি আশুলিয়া ও গাজীপুরের কিছু শিল্পমালিককে নিয়ে বৈঠক করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। সেদিন উদ্ভূত পরিস্থিতি ও উত্তরণের উপায় নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সব সাধারণ সদস্যদের নিয়ে আজ শনিবার বেলা ১১টায় জরুরি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়। বিজিএমইএ সভাপতি প্রথম আলোকে জানান, যৌথ মতবিনিময় সভায় নেওয়া সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
একাধিক নেতা জানান, শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকেরা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করবেন কি না, তা নিয়ে আজ সিদ্ধান্ত হবে। এ ছাড়া অস্থিরতা চললে মালিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেবেন কি না, সেটি নিয়েও আলোচনা হবে। সভায় মালিকদের মজুরি প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
.
শ্রমিকনেতাদের সংবাদ সম্মেলন
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী গত বৃহস্পতিবার রাতে শ্রমিক সংগঠনের পাঁচ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকদের কাজে ফেরাতে সম্মিলিতভাবে আহ্বান জানাতে শ্রমিকনেতাদের প্রতি অনুরোধ করেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন শ্রমিকনেতারা।
সংবাদ সম্মেলনে শ্রমিকনেতা আবুল হোসাইন বলেন, শ্রম অসন্তোষের কারণে কোনো কারখানা ১৩(১) ধারায় বন্ধ করা হলে সেখানকার শ্রমিকেরা মাঠে নামেন। তাই কারখানা বন্ধ হলে আলোচনার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। শ্রমিকদের উদ্দেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মাহতাব উদ্দিন শহীদ বলেন, ‘পোশাকশ্রমিকদের আন্দোলনের ফসল হচ্ছে মজুরি বোর্ড। এখনো আন্দোলন–বিক্ষোভ হলে ফসল নষ্ট হতে পারে। তাই সবাই কর্মস্থলে ফিরে আসুন। কাঙ্ক্ষিত মজুরি না পেলে আমরা সবাই মিলে আবার আন্দোলনে নামব।’
.
শ্রমিকনেত্রী তাসলিমা আখতার বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে তিন বছর আগের মজুরিতে কাজ করা সম্ভব নয়। মজুরি বোর্ডে আলোচনা চলছে। সেই আলোচনা দ্রুত শেষ করতে হলে বোর্ডকে সময় দিতে হবে। ততক্ষণ পর্যন্ত কাজে ফিরতে হবে।
প্রবীণ শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, ‘শ্রমিকদের আন্দোলন আমরা চাই। তবে একটু দম নেওয়াও দরকার। মালিকপক্ষ আগে মজুরি প্রস্তাব দিক। সেটি যদি না পোষায়, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে আন্দোলনে নামব। ছোট ছোট আন্দোলন করে মালিকপক্ষ বা পুলিশকে নানাভাবে কথা বলার সুযোগ দিতে চাই না।’
.
সাশ্রয়ী মূল্যে চাল দিচ্ছে সরকার
উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালু করেছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম প্রতি শুক্রবার চলবে।
গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর এবং সাভারের হেমায়েতপুর, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিশেষ ওএমএস কার্যক্রমের চাল বিক্রি করতে দেখা যায়। বিভিন্ন পোশাক কারখানার সামনে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যের চাল কিনতে শ্রমিকদের ভিড় দেখা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.