
চাঁদা না দেওয়ায় ফেনীর হাসপাতাল মোড় এলাকায় হাজী মিষ্টি মেলা এন্ড রেষ্টুরেন্ট – সামনে বালু ফেলে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি:
ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত ‘হাজীর মিষ্টি মেলা এন্ড রেস্টুরেন্ট’-এর সামনে বালু ফেলে মূল ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে কে বা কারা রেস্টুরেন্টটির প্রবেশমুখে বালু ফেলা শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ থেকে ৪ ট্রাক বালু দিয়ে রেস্টুরেন্টের সামনের অংশ ভরাট করে রাখা হয়েছে, ফলে মূল ফটক কার্যত বন্ধ হয়ে যায়।
মালিক পক্ষের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জায়গার ভুয়া মালিকানা দাবি করে আসছে এবং রেস্টুরেন্টের মালিক রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে এর আগেও দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তারা আরও জানান, এ ঘটনায় মামলা করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় বিভিন্ন সময় হুমকি দিতে থাকে।
এদিকে, বৃহস্পতিবার সকালের ঘটনার সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের একজনকে ঘটনাস্থলে দেখা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মালিক পক্ষের দাবি, একই চক্র পরিকল্পিতভাবে বালু ফেলে রেস্টুরেন্টের মূল ফটক বন্ধ করে দেয়।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Comments (0)
You must be logged in to post a comment.