1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ৪২

বিশ্ব রাজনীতিতে তুরস্ক এখন এক গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, অন্যদিকে রাশিয়ার সঙ্গে রয়েছে জ্বালানি, বাণিজ্য ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্পর্ক। আবার ইউক্রেনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগও নিচ্ছে দেশটি। ফলে আঙ্কারা, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক এখন বন্ধুত্ব কিংবা বৈরিতার সরল সমীকরণে সীমাবদ্ধ নেই। বরং তিন দেশের স্বার্থ, নিরাপত্তা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তৈরি হয়েছে জটিল এক কূটনৈতিক সমীকরণ।

তুরস্কের এই অবস্থান নতুন নয়। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে রাশিয়ার সঙ্গেও সহযোগিতা বাড়ানোর নীতি অনুসরণ করছেন। তবে ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরের নিরাপত্তা, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার নতুন আলোচনা এই ভারসাম্যকে আরো কঠিন করে তুলেছে।

গত ৫ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য বৈঠক তুরস্কে আয়োজনের জন্য দুই পক্ষের সঙ্গে যোগাযোগও চলছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের নির্দিষ্ট কোনো পরিকল্পনা তখনো চূড়ান্ত হয়নি।

এ উদ্যোগের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে, রাশিয়ার সঙ্গে মতবিরোধ থাকলেও মস্কোর সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে চায় আঙ্কারা। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের গুরুত্ব ধরে রাখতে চাইছে তুরস্ক।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক: সহযোগিতার আড়ালে প্রতিযোগিতা

তুরস্ক ও রাশিয়ার সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ। কৃষ্ণসাগর, ককেশাস, বলকান ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে বহুবার সংঘাত হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধেও তারা বিপরীত পক্ষকে সমর্থন করেছে। রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়েছে, অন্যদিকে তুরস্ক আসাদবিরোধী বিভিন্ন গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

২০১৫ সালের ২৪ নভেম্বর তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটির বিমানবাহিনী একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করলে দুই দেশের সম্পর্ক চরম সংকটে পড়ে। রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা আরো বাড়ে।

তবে এরদোয়ানের দুঃখ প্রকাশ এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। পরবর্তী সময়ে সিরিয়া, জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ে।

কিন্তু বর্তমান সম্পর্ককে নিছক বন্ধুত্ব বলা কঠিন। ইউক্রেন যুদ্ধের পর তুরস্ক একদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে আঙ্কারা।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ইউক্রেনকে তুরস্কের অস্ত্র সরবরাহ, সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন, দক্ষিণ ককেশাসে রাশিয়ার প্রভাব কমে আসা এবং ন্যাটোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতা মস্কো-আঙ্কারা সম্পর্কে অবিশ্বাস বাড়িয়েছে। ফলে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা থাকলেও পারস্পরিক সন্দেহ কাটেনি।

জ্বালানিতে মস্কোর ওপর নির্ভরতা, বিকল্পও খুঁজছে আঙ্কারা

রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি জ্বালানি। প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং পারমাণবিক বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা রয়েছে।

২০২৫ সালে তুরস্ক রাশিয়া থেকে ২১ দশমিক ২ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং ১ কোটি ৫২ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছে। একই বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪৯ দশমিক ২ বিলিয়ন ডলার। তুরস্কের সরকারি তথ্যের বরাতে প্রকাশিত এক নথিতে এসব পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। প্রকল্পটির প্রথম ইউনিট ২০২৬ সালের শেষ দিকে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প দুই দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।

তবে শুধু রাশিয়ার ওপর নির্ভর করে থাকতে চাইছে না আঙ্কারা। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে তারা। পাশাপাশি ইরান, আজারবাইজান ও অন্যান্য সরবরাহকারীর সঙ্গেও জ্বালানি সহযোগিতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ২০ আগস্ট ২০২৬ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে তুরস্কের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ৫০ শতাংশের নিচে এবং গ্যাস আমদানিতে ৪০ শতাংশের নিচে নেমে এসেছে। অর্থাৎ রাশিয়া এখনো গুরুত্বপূর্ণ সরবরাহকারী হলেও জ্বালানির উৎস বহুমুখী করার চেষ্টা করছে তুরস্ক।

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক: এস-৪০০ থেকে এফ-৩৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের সবচেয়ে বড় বিরোধের একটি হলো রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনা। ২০১৭ সালে চুক্তি এবং ২০১৯ সালে সরবরাহ শুরু হওয়ার পর দুই ন্যাটো মিত্রের মধ্যে বিরোধ তীব্র হয়।

ওয়াশিংটনের আশঙ্কা, রুশ এস-৪০০ ব্যবস্থার সঙ্গে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তিগত তথ্যের সংযোগ ঘটলে অত্যাধুনিক যুদ্ধবিমানের গোপন সক্ষমতা ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় এবং ২০২০ সালে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের (ক্যাটসা) আওতায় নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে ২০২৬ সালে দুই দেশের সম্পর্কে নতুন অগ্রগতি দেখা গেছে। জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এরদোয়ানের বৈঠক হয়। ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনার আগ্রহ প্রকাশ করেন।

কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৬ সালের জুলাইয়ে কংগ্রেসকে জানায়, রুশ এস-৪০০ ব্যবস্থা তুরস্কের কাছে থাকা অবস্থায় এফ-৩৫ সরবরাহের জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়নি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্ককে এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে হলে এস-৪০০ ব্যবস্থা আর নিজেদের কাছে না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

গত ১৫ অক্টোবর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের জানান, তুরস্কের জন্য আগে তৈরি করা ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে ক্যাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

অর্থাৎ ট্রাম্পের ইতিবাচক বক্তব্য সত্ত্বেও এস-৪০০ ইস্যুতে দুই দেশের বিরোধ পুরোপুরি মেটেনি। এ প্রশ্নের সমাধান হলে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বাড়তে পারে। অন্যদিকে সমাধান না হলে ন্যাটোর ভেতরেও এ নিয়ে মতপার্থক্য অব্যাহত থাকবে।

ন্যাটোতে তুরস্কের গুরুত্ব

তুরস্কের ভূকৌশলগত অবস্থান দেশটিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থানের কারণে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের নিরাপত্তায় আঙ্কারার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

তুরস্কের ইনজিরলিক বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ। এ ছাড়া দেশটিতে ন্যাটোর আগাম সতর্কীকরণ রাডার এবং সামরিক কমান্ড রয়েছে। বসফরাস ও দারদানেলিস প্রণালির নিয়ন্ত্রণও তুরস্কের হাতে। এসব প্রণালি দিয়েই কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে জাহাজ চলাচল করে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর তুরস্ক ১৯৩৬ সালের মন্ট্রো কনভেনশন প্রয়োগ করে যুদ্ধরত দেশগুলোর যুদ্ধজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে কৃষ্ণসাগরে রাশিয়া ও ন্যাটোর সামরিক হিসাব-নিকাশে তুরস্কের গুরুত্ব আরো বেড়ে যায়।

তবে ন্যাটোর সদস্য হয়েও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় পুরোপুরি যোগ দেয়নি তুরস্ক। ফলে ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেও মস্কোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে দেশটি।

ইউক্রেন যুদ্ধ: মধ্যস্থতাকারী, আবার কিয়েভের সহযোগীও

ইউক্রেন যুদ্ধ তুরস্কের পররাষ্ট্রনীতির জটিলতা আরো বাড়িয়েছে। আঙ্কারা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। রাশিয়ার ক্রিমিয়া দখলকেও স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে ইউক্রেনকে ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে।

অন্যদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। বরং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার সুযোগ ধরে রাখতে চায়। ২০২২ সালে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের সঙ্গে মিলে চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আঙ্কারা।

সাম্প্রতিক সময়ে আবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশটি। গত ৫ নভেম্বর এরদোয়ানের বক্তব্যে সেই প্রচেষ্টার কথা উঠে এসেছে।

তবে এ মধ্যস্থতা সহজ নয়। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কারণে মস্কোর সঙ্গে আঙ্কারার দূরত্ব তৈরি হয়েছে। আবার রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় পুরোপুরি অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও তুরস্কের মতপার্থক্য রয়েছে।

সিরিয়া ও মধ্যপ্রাচ্যেও তিন দেশের স্বার্থের সংঘাত

সিরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্বার্থের সংঘাতের একটি বড় ক্ষেত্র ছিল। বাশার আল-আসাদের শাসনামলে রাশিয়া দামেস্ক সরকারের প্রধান সামরিক মিত্র ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে সহযোগিতা করেছে। তুরস্ক এসডিএফকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে।

তবে ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। ২০২৬ সালের জানুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলের এসডিএফ-নিয়ন্ত্রিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এসডিএফের আগের সামরিক অংশীদারত্ব কার্যত শেষ হয় বলে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিবর্তনে তুরস্কের নিরাপত্তা উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ দিক নতুনভাবে আলোচনায় এসেছে। সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে আঙ্কারার সম্পর্ক এবং ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতি এখন তিন দেশের সম্পর্কের নতুন বাস্তবতা তৈরি করছে।

ত্রিমুখী সম্পর্কে তুরস্কের কৌশল কী?

বিশ্লেষকদের মতে, তুরস্কের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য কোনো একটি শক্তিধর রাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজস্ব কৌশলগত স্বাধীনতা বাড়ানো। ন্যাটোর সদস্যপদ দেশটির নিরাপত্তার ভিত্তি হলেও রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্য সম্পর্কও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইউক্রেন, ককেশাস, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় আঙ্কারা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ২০ আগস্ট ২০২৬-এর প্রতিবেদনে তুরস্ককে এমন একটি মধ্যম শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা পরিবর্তিত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে।

এ কারণে তুরস্ককে কেবল রাশিয়ার মিত্র কিংবা যুক্তরাষ্ট্রের অনুগত অংশীদার হিসেবে দেখার সুযোগ নেই। দেশটি একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করছে, অন্যদিকে ন্যাটোর সামরিক কাঠামোয় সক্রিয় রয়েছে। আবার ইউক্রেনকে সমর্থন এবং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগও চালিয়ে যাচ্ছে।

সব মিলিয়ে আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেন যুদ্ধ, এস-৪০০ ইস্যু, জ্বালানি নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর। তুরস্কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট না করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো। আর ওয়াশিংটন ও মস্কোর জন্য চ্যালেঞ্জ হলো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটির ওপর প্রভাব বজায় রাখা। তাই এই ত্রিমুখী সম্পর্কে স্থায়ী বন্ধুত্বের চেয়ে পারস্পরিক স্বার্থ, দরকষাকষি ও কৌশলগত ভারসাম্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv