

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১: ০৫
সন্তানদের রূঢ় বা কঠোর আচরণের পরিবর্তে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণে ভালোবাসা, আদর ও প্রজ্ঞার মাধ্যমে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক ‘বিশেষ নসিহাহ প্রোগ্রামে’ প্রধান বক্তার আলোচনায় তিনি এ আহ্বান জানান।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে শায়খ আব্দুল কাইয়ুম সন্তানকে দ্বীনি পরিবেশে লালন-পালন করা এবং একই সাথে একজন প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পার্থিব শিক্ষার পাশাপাশি সন্তানকে ছোটবেলা থেকেই তাওহিদ, আকিদা ও দ্বীনের মৌলিক জ্ঞান দান করা অপরিহার্য।
পরিবারকে ‘সুকুন’ বা প্রশান্তির নীড় হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি স্বামী-স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও মজবুত বন্ধনের ওপর বিশেষ জোর দেন। শায়খ আব্দুল কাইয়ুম বলেন, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে তর্ক-বিতর্ক ও কলহ এড়িয়ে ধৈর্য ও শ্রদ্ধার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। মা-বাবার সুন্দর আচরণ ও আমল দেখেই সন্তানেরা সবচেয়ে বেশি শেখে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া বর্তমান সময়ে মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পরিবার ও দ্বীনি চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন ইস্ট লন্ডন মসজিদের এই খতিব।
অনুষ্ঠানের এক পর্যায়ে শায়খ আব্দুল কাইয়ুম আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক ও দাওয়াহ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে ফাউন্ডেশনের তহবিলে দান করার আহ্বান জানান।
পাশাপাশি, অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের ‘অটোপে’ (Auto-Pay) সেবার কথা তুলে ধরেন। তিনি জানান, এই সেবার মাধ্যমে দাতারা ঘরে বসেই প্রতিদিনের সাদাকা ফাউন্ডেশনের তহবিলে পৌঁছে দিতে পারবেন, যা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে ব্যয় করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.