

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের দিন্দোরি জেলায় এ ঘটনা ঘটে।
মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরকটি ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে।
ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া বলে জানা গেছে। তিনি নিজের বাড়িতে বসে ছিলেন, এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন।
দুজন কথা বলতে শুরু করেন। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত এটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।
রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে তাতে কামড় দেন। এর ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
.
রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তাঁরা রাম ভগতের পাশাপাশি আরও একজনকে আটক করেছেন।
.
নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল। তাই রাজেন্দ্রর হাতে বোমা নাকি রসগোল্লা দেওয়া হচ্ছে, তা তিনি স্পষ্ট বুঝতে পারেননি। তিনি বলেন, ‘ওটাতে কামড় দেওয়ার মুহূর্তেই বোমাটি বিস্ফোরিত হয়।’
জিজ্ঞাসাবাদে রাম ভগত পুলিশকে জানিয়েছেন, একটি ছেলে তাঁকে বোমাটি দিয়েছিল। ওই ছেলেটিকেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে মামলাটি তদন্ত করছে। এর মধ্যে অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীর প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.