

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে এ ঘটনা ঘটে।
এফএএ জানায়, সব ফ্লাইটের হিসাব পাওয়া গেছে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা হবে।
যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর জারি করা বিরল এ ফ্লাইট বন্ধের নির্দেশ সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরা হলো:
.
কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল
গতকাল রাত ৮টা ১৫ মিনিটে প্রায় চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ তুলে নেয় এফএএ। এর আগে হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিং করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি।
‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে বলে জানান শন ডাফি। তিনি বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি। রাউটার থেকে বিভ্রান্তিকর তথ্য আসতে শুরু করায় এফএএ সারা দেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়।
শন ডাফি তাঁদের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে মন্তব্য করেন। এ বিষয়ে তিনি বলেন, রাউটারগুলোর ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ পড়ে গিয়েছিল। এর ফলে সেগুলো থেকে প্রাপ্ত তথ্যে ‘অসামঞ্জস্যতা’ দেখা দেয়।
.
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল। তবে সেবার দুই ঘণ্টার কম সময়ের মধ্যে এ নির্দেশ তুলে নেওয়া হয়।
.
পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছে
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, এফএএ পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন ত্রুটি সারানোর চেষ্টা করছিল। কিন্তু নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির কারণে পুরোনো ব্যবস্থার ওপর চাপ বেড়ে যায়।
মুলিনের ভাষায়, ‘পুরোনো ব্যবস্থার ওপর নতুন প্রযুক্তি অতিরিক্ত চাপ তৈরি করছিল। এ কারণেই পরিবহনমন্ত্রী ডাফি স্পষ্ট করে বলেছেন, এভাবে জোড়াতালি দিয়ে কাজ চালানো সম্ভব নয়। আমাদের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা দরকার।’
ঘটনার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে ‘স্মার্ট’ নামের নতুন একটি উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করে এফএএ।
তবে নতুন স্মার্ট ব্যবস্থার কারণে এ সমস্যা হয়েছে—এমন ধারণা নাকচ করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ ব্যবস্থাকে তিনি বিভ্রাটের জন্য দায়ী করেননি।
.
এটি যে সাইবার হামলা নয়, তা কীভাবে নিশ্চিত হওয়া গেল
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মুলিন বলেন, ‘এটি সাইবার হামলা ছিল, এমন কোনো প্রমাণ আমরা পাইনি।’ তিনি বলেন, সাধারণত সাইবার হামলার ঘটনা ঘটলে হামলাকারীদের পক্ষ থেকে কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু এ ঘটনায় এমন কোনো তৎপরতা দেখা যায়নি। উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় কারও অনুপ্রবেশের চিহ্ন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার মতো তথ্যও পাওয়া যায়নি।
মুলিনের ভাষায়, ‘এটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলেই মনে হচ্ছে।’
কতগুলো ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৫৮০টি।
শন ডাফি জানান, ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার সময় আকাশে ছিল ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ।
.চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রী.
গ্রাউন্ড স্টপ কী
এফএএর ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশের অর্থ হলো, উড়োজাহাজগুলোকে গ্রাউন্ডে রাখতে হবে এবং কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া যাবে না। তবে নির্দেশ জারির সময় যেসব উড়োজাহাজ আকাশে থাকে, সেগুলোকে জরুরি অবতরণ করতে হয় না।
এফএএর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন বিভিন্ন বিমানবন্দর থেকে ৪৪ হাজারের বেশি ফ্লাইট উড্ডয়ন করে। এসব ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণ করেন সংস্থাটির ১৪ হাজারের বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার।
.
এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকার কী করছে
গতকাল রাতে সংবাদ ব্রিফিংয়ে মার্কওয়েন মুলিন ও শন ডাফি কংগ্রেসের কাছে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানান।
শন ডাফি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছর ধরে নতুন একটি উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির জন্য কংগ্রেসের কাছে পূর্ণ অর্থায়ন চেয়ে আসছেন। তিনি বলেন, ‘আমি কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চাই। আমি ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলার চাই।’
গত বছর এফএএর পুরোনো যোগাযোগব্যবস্থা সংস্কারের জন্য ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল মার্কিন কংগ্রেস। গতকাল এফএএ ও হোয়াইট হাউস নতুন করে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছে। উড়োজাহাজ চলাচলব্যবস্থার অন্যান্য সমস্যা সমাধানে এ অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
.যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা.
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল। তবে সেবার দুই ঘণ্টার কম সময়ের মধ্যে এ নির্দেশ তুলে নেওয়া হয়।
.ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই
Leave a Reply
You must be logged in to post a comment.