

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০: ০০
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে একটি সংঘর্ষের পরিণতি গড়িয়েছে মর্মান্তিক ঘটনায়। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার মৃত্যুর পরিপ্রেক্ষিতে এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। এটিই ফেডারেশনের নিয়মে সর্বোচ্চ শাস্তি। এদিকে ঘটনাটি নিয়ে স্পেনে বিচারিক তত্ত্বাবধানে পুলিশের তদন্তও চলছে।
গত ২ নভেম্বর আন্দোরা ও টেনেরিফের ম্যাচে ঘটেছিল দুর্ঘটনাটি। বল ক্লিয়ার করতে গিয়ে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন ওনো। এ সময় তার সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। ম্যাচে লাল কার্ড দেখানো হয় গিনির এই গোলকিপারকে। গুরুতর আহত দে মিগেলকে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। পরদিন, ৩০ বছর বয়সি এই স্প্যানিশ ফরোয়ার্ড মারা যান।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে ওনোর বিরুদ্ধে প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে লাথি মারার অভিযোগ রয়েছে। শৃঙ্খলাবিধির ১০২ অনুচ্ছেদে গুরুতর আঘাতের কারণ হওয়া সহিংস আচরণের দায়ে তাকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী জরিমানাও করা হয়েছে।
ঘটনার পর ওনো বলেছিলেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দে মিগেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, কবে আবার মাঠে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনোকে সময় দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.