

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ১১
গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সকাল থেকে তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশও মোতায়েন থাকতে দেখা গেছে।
এ দিকে গতকাল রোববার দিনরাত সহিংসতা ও নাশকতার পর গোপালগঞ্জে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে নিজ নিজ গন্তব্যে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
এর আগে গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ওসি বদলি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.