নিজস্ব প্রতিবেদক, সাভার
সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন। এর অংশ হিসেবে পুরো অফিসকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার পাশাপাশি মূল ফটকের পাশেই স্থাপন করা হয়েছে বড় মনিটর। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এখন থেকে অফিসের ভেতরকার কার্যক্রম বাইরে থাকা মনিটরে সরাসরি দেখতে পারবেন সেবাগ্রহীতারা।অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের প্রধান কক্ষ, প্রবেশপথ ও বারান্দাসহ সব গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মূল ফটকের পাশের মনিটরটির মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ ও কর্মকর্তাদের কার্যক্রম সাধারণ মানুষ পর্যবেক্ষণ করতে পারছেন। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতেই এই মনিটর জনসম্মুখে স্থাপন করা হয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অংশীজনরা। দলিল লেখক সুবীর সাহা বলেন, “বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ সেবাগ্রহীতারা। এ ধরনের সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আরেক দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয় অফিস সংস্কার করে অত্যন্ত সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এ বিষয়ে সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন জানান, কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালদের অপতৎপরতা বন্ধ করতেই এই সিসি ক্যামেরা ও মনিটর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
Comments (0)
You must be logged in to post a comment.