

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক নির্মূলের অঙ্গীকার নিয়ে একটি বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আবুতোরাব বাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মাদকসেবীদের আসক্তি থেকে দূরে রাখতে এক কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশে—মাদকসেবীদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ সম্বলিত ব্যানার টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংগঠনগুলো।
মাদকবিরোধী এই কর্মসূচিতে ১১টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হিতকরী, প্রকাচৌক, আফামা, শিকড় সংঘ, আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত ও নবপ্লাবন। এছাড়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থীরাও এতে একাত্মতা জানায়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে সরব উপস্থিতি নিশ্চিত করেন।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে এবং শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার ওসি (তদন্ত) মো. আওলাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, অধ্যক্ষ মো. আবসার উদ্দিন, মাওলানা রবিউল হোসেন নিজামী, মাওলানা মো. সানাউল্লাহ, সাহেদ আহসান, আজিম উদ্দিন, মো. মাসুম বিল্লাহ ও আবদুল কাইয়ুম হাসান।
এছাড়া সভায় উপস্থিতি নিশ্চিত করেন শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, এম হেলাল উদ্দিন, সাইফুর রহমান সাইফুল, মোফাজ্জল হোসেন রাজিব ও সোয়েব হাসানসহ অনেকে। বক্তারা বলেন, মাদকের মরণফাঁদ থেকে যুবসমাজকে বাঁচাতে কেবল প্রশাসনিক তৎপরতা নয়, বরং সামাজিকভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদক বিক্রেতাদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করা এবং মাদকসেবীদের শোধরানোর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত ও ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান তারা। মাদক নির্মূলের এই লড়াইয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তর থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। মাদকসেবীদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে সোচ্চার হতে হবে।
সূত্র: দৈনিক আমার দেশ