

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ৩২
ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়ন, উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে ঢাকায় একসঙ্গে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীগুলো হলো—‘মাই কিচেন প্রেজেন্টস তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬’, ‘তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬’ ও ‘দ্বিতীয় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।
আগামী বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবি এক্সপো ভিলেজে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ‘এফ টাচ ইভেন্টস লিমিটেড’-এর আয়োজনে এ প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস)।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক এম মাসুদ উর রশিদ এবং আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম এম জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈমুল হোসেন খান, মাই কিচেনের সিইও শওকত ইমরান খান এবং এফ টাচের পরিচালক শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.