

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০২: ৩০
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ইতিহাস লিখলেন লিটন দাস। ব্যাট হাতে সেঞ্চুরি, এবার গ্লাভস হাতে বিশ্বরেকর্ড। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের নতুন মালিক এখন বাংলাদেশের এই উইকেটরক্ষক। ছয়টি ক্যাচ, দুটি স্ট্যাম্পিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন সাফল্য আর কারো নেই।
ম্যাচের তৃতীয় দিন শেষেই ছয় ক্যাচ ছিল লিটনের। মার্করাম, হামজা, ব্রিটজকে, মুল্ডার, ইয়ানসেন ও হারমারের ক্যাচ জমা হয় তার গ্লাভসে। চতুর্থ দিন সকালে বাকি দুটি যোগ হলো। মেহেদী হাসান মিরাজের বলে স্ট্যাম্পিং হলেন রায়ান রিকেলটন। ভাঙল রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটি। এরপর রাবাদাকে স্ট্যাম্পিং করে গড়লেন নতুন বিশ্বরেকর্ড। মেহেদি মিরাজকে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে ক্রিজ ছেড়ে এগোলেন ছক্কার হ্যাটট্রিক করতে। উইকেট ছেড়ে বাইরে বেরুলেন। উইকেটের বাইরে বল রেখে রাবাদাকে বোকা বানালেন মেহেদি। সহজেই স্ট্যাম্পিং করলেন লিটন। সেই সঙ্গেই বিশ্বরেকর্ড। এক ইনিংসে আট নম্বর ডিসমিসাল পূর্ণ। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে এমন কৃতিত্ব দেখানো প্রথম উইকেটকিপার লিটন দাস।
তৃতীয় দিনের ছয় ক্যাচেই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বাংলাদেশি রেকর্ড হয়ে গিয়েছিল। চতুর্থ দিনের দুই স্ট্যাম্পিং সেটাকে নিয়ে গেল বিশ্বমঞ্চে। মিরাজের স্পিনের পেছনে লিটনের ক্ষিপ্র হাত ছিল তৃতীয়দিনের সকালে বাংলাদেশের আনন্দের গল্প।
এক ইনিংসে ডিসমিসালের রেকর্ডটা এতদিন সাতে আটকে ছিল। যাতে ভাগ বসিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। সবশেষে দা সিলভা এই কৃতিত্ব গড়েছিল ২০২৩ সালে। তালিকার পাঁচজনকেই ছাড়িয়ে লিটন এখন এই এলিট তালিকায় প্রথম। বাকি পাঁচজন দ্বিতীয়স্থানে।
জোহান্সবার্গ টেস্টে লিটন ব্যাটিংয়েও ছিলেন দুর্দান্ত। ১৭৯ বলে করেছেন ১২০ রান, ১৪ চার আর এক ছক্কায়। হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ২০৬ রানের জুটি। তাতেই বাংলাদেশ পেয়েছে ৪০০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা দলের সর্বোচ্চ। সেঞ্চুরির সঙ্গে ছয় ডিসমিসালের কীর্তি ছিল শুধু ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্সের। দুজনেই জোহানেসবার্গে এই রেকর্ড গড়েছিলেন। এবার সেই একই মাঠে সেঞ্চুরির সঙ্গে আট ডিসমিশালের নতুন বিশ্বরেকর্ড গড়ে লিটন ছাড়িয়ে গেলেন সবাইকে, গোটা বিশ্বকে!
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে নয়টি ডিসমিসালের পাশাপাশি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছিলেন লিটন। সেই কৃতিত্বও লিটন ছাড়া আর কোনো উইকেটরক্ষকের নেই। ব্যাটার ও উইকেটরক্ষক, দুই ভূমিকাতেই লিটন এখন দলের ভরসার নাম। টেস্টে তার ডিসমিসাল এখন ১৫৪। বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সবার ওপরে। মুশফিকুর রহিম ১১৩ ডিসমিসাল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে।
এই কীর্তির মূল্য শুধু রেকর্ডবইয়ে নয়। তবে লিটনের বিশ্বরেকর্ডরে এই ম্যাচে এখন বিপদে রয়েছে বাংলাদেশ দল। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয়। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। চা বিরতির সময় তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৫৮ রান। পিছিয়ে ছিল ৯৯ রানে।
টেস্টে বাংলাদেশের গল্প অনেক সময় রানের চাপে হারিয়ে যায়। কিন্তু লিটনের এই বিশ্বরেকর্ড সংখ্যার যোগের সঙ্গে সাহসেরও বটে। দ্বিতীয় ইনিংসে লিটনের ব্যাটে সেই সাহসের বিদ্যুৎছটা আরেকবার আনন্দময় হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.