

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৫২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৫৯
ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট এখন গ্রামীণ ব্যাংক ও জুলাইযোদ্ধারা। গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের ১৮ শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জয় বাংলা স্লোগান দিয়ে এসব প্রতিষ্ঠানে পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী দুর্বৃত্তরা নাশকতা চালিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
পেট্রোলবোমা হামলা, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করা হয়েছে জুলাইযোদ্ধাদের বাড়িতেও। পরিকল্পিত হামলার শিকার হয়েছে জুলাইযোদ্ধাদের বড় একটি অংশ।
ফ্যাসিস্টদের সংঘবদ্ধ চক্র ও তাদের দোসরদের দফায় দফায় হামলার শিকার হয়েছেন হাসনাত আবদুল্লাহ এমপি, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন এমপি, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আয়াশসহ বহু জুলাইযোদ্ধা। গত কয়েক দিনের ঘটনা পর্যবেক্ষণে এসব তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, দেশের অন্যতম বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। এটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের জন্য নোবেল শান্তি পুরস্কার জয়ের মতো বিরল সম্মান বয়ে এনেছে। সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২,৫৬৮টি শাখা রয়েছে। আছে ২৬১ এরিয়া অফিস, ৪০টি জোনাল অডিট অফিস এবং ৪০টি জোনাল অফিস। এসব অফিস এখন ফ্যাসিস্টদের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
জানা গেছে, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর থেকেই ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেন। তার সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হন দলটির নেতাকর্মীরা। দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিদেশে পলাতক নেতারা এখন গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছেন।
গত কয়েক দিন ধরেই দিন এবং রাতে বিভিন্ন জেলা-উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যাংকটির বিভিন্ন শাখায় থাকা নথিপত্র ধ্বংস হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আস্থার সংকট তৈরি হচ্ছে গ্রাহকদের। সংঘবদ্ধ ফ্যাসিস্ট চক্র ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকবিরোধী অপপ্রচার চালাচ্ছে। ছড়াচ্ছে নানা গুজব।
এসব বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ আমার দেশকে বলেন, ‘কিছুদিন ধরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা দেখা যাচ্ছে। ব্যাংকটির ১৮টি শাখায় আগুন দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ শাখাগুলোর নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছি। তারা সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা দিচ্ছে। আমরাও নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছি।’
ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা হয়েছে, সেগুলো হলোÑঢাকার ধামরাইয়ের সুয়াপুর, নওগাঁর রানীনগরের কচুয়া বাজার, বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ও শেরপুর, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়, ফেনীর শর্শদি বাজার, ময়মনসিংহের গৌরীপুরের দৌহাখোলা, নেত্রকোনার মৌগাতীর চুচুয়া বাজার ও আমতলা, বরগুনার আমতলীর কড়ইবুনিয়া, কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকা, চট্টগ্রামের আনোয়ারার বারখাইন, কক্সবাজার সদর, পাবনার দোগাছী বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা, মাগুরার মহম্মদপুর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এবং চাঁদপুরের বাগাদী শাখা।
জয় বাংলা স্লোগান দিয়ে হামলা
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আগুন দেওয়ার সময় দুর্বৃত্তদের জয় বাংলা স্লোগান দিতে শোনা যায়। এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে ব্যাংকটির পাবনার দোগাছী বাজার শাখায় হামলা করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তারা ব্যাংকটির কার্যালয়ে ভাঙচুরও করেন। উপস্থিত নিরাপত্তাকর্মীর চিৎকারে বাড়ির মালিক ও এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে পালিয়ে যান।
একই দিন বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সুজন মোল্লার নেতৃত্বে ফ্যাসিস্টদের তিন ক্যাডার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। একটি দল লাঠিসোটা নিয়ে ব্যাংকে ভাঙচুর চালায়, যার একটি ভিডিও সুজন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ সময় ছাত্রলীগের এক ক্যাডার হাত উঁচিয়ে বলে, ‘এই বাংলার মাটিতে ইউনূস স্বৈরাচারের কোনো ঠাঁই হবে না।’ হামলার পর ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সদরের দুগিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এক যুবক জয় বাংলা স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা একজন সীমানা প্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানা প্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নেভান।
এর আগে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদরের মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের মৌগাতী শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।
নিরাপত্তা বাড়াতে ওসিদের নির্দেশ
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তাদের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রায় দুই সপ্তাহ আগে আইজিপির কাছে চিঠি দিয়েছিল। এরপর গ্রামীণ ব্যাংকের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছেÑজানতে চাইলে পুলিশের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা আমার দেশকে বলেন, দেশের সব থানার ওসিদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের শাখাগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, সব শাখায় আলাদাভাবে পুলিশ দেওয়া সম্ভব নয়। তাই পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে। টহলের সময় গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে।
দফায় দফায় হামলার শিকার জুলাইযোদ্ধা
চব্বিশের জুলাইযোদ্ধারাও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানো হয়। হামলার পর বাড়িটিতে আগুন জ্বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে নুসরাত বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা আমার বাড়িতে অগ্নিসংযোগ করেছে।’
ওই বোমা হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেন। বুধবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে নুসরাতের পৈতৃক বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। গত মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তার ওপর এ হামলা চালায় আওয়ামী দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার সড়ক দিয়ে যাওয়ার পথে তার ওপর হামলা হয়। ইজিবাইকের গতিরোধকারীকে বলতে শোনা যায়, ‘ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, দেশ বিক্রি করে এখানে আমোদফুর্তি করছে।’ এরপর চিৎকার শোনা যায়। হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।
এর আগে গত ৪ মে গাজীপুরে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ এমপির গাড়িতে হামলা করা হয়। গত ১৯ জুন লন্ডনের ক্যামব্রিজ শহরে হাসনাত আবদুল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
অপর জুলাইযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জ, বেনাপোল, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন। গত ৪ অক্টোবর কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকায় তার ওপর হামলা করে রক্তাক্ত জখম করা হয়। গত ২২ মে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।
আরেক জুলাইযোদ্ধা ও সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গত বছরের ১৩ সেপ্টেম্বর লন্ডনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন।
অপর জুলাইযোদ্ধা, এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেনের ওপর গত বছরের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে হামলা চালান ফ্যাসিবাদী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আখতারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
গত ৭ অক্টোবর ইতালির ভেনিসে হামলার শিকার হন জুলাই আন্দোলনে অংশ নেওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এদিকে, গত ৪ আগস্ট রাজধানীর শাহবাগে জুলাইযোদ্ধা আল নূর মোহাম্মদ আয়াশের ওপর হামলা চালায় ফ্যাসিস্টের সহযোগীরা। কথিত রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী ও দলের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার নেতৃত্বে একদল দুর্বৃত্ত আয়াশকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পরে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তার করে। ওই হামলায় আয়াশ ছাড়াও আল নূর, আশরাফুল, তাওহীদসহ কয়েকজন জুলাইযোদ্ধাকে পিটিয়ে জখম করা হয়।
এছাড়া গত ১২ অক্টোবর রাতে ঢাকার বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে কয়েক দফা ককটেল হামলা চালানো হয়। এতে জুলাইযোদ্ধা ও ঢাকা উত্তরের এনসিপি নেতা আসিফ উদ্দিন সম্রাট, শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম এবং কর্মী আব্দুর রবসহ কয়েকজন আহত হন।
এর আগে গত ৬ এপ্রিল চট্টগ্রামে মুখোশ পরা দুর্বৃত্তরা জুলাইযোদ্ধা তামিম মির্জার ওপর হামলা করে। তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলা হয়। গত ৫ আগস্ট শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসে জাকির হোসেন ও ইমরান আল নাজিরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
অপর ঘটনায় গত বছরের ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে মারা যান জুলাইযোদ্ধা ও ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.