1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ০৯

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার দিনে ব্যস্ত থাকলেও রাতে অনেকটা নির্জন হয়ে পড়ে। এই সুযোগে উড়াল সড়কটি ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। এক সপ্তাহের ব্যবধানে এই ফ্লাইওভার থেকে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের দুটি ঘটনা ঘটেছে। এর আগে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারও টাঙানো হয়েছিল।

গত ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার পর ফ্লাইওভারের নিচে থাকা দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা ছোড়া হয়। এর কয়েক দিন আগে একই উড়াল সড়ক থেকে ককটেল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনকে ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

নিক্ষেপ করা তিনটি পেট্রোলবোমার মধ্যে দুটি পড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের সামনে, অন্যটি চান্দগাঁও ভূমি অফিসের সামনে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমা দুটি মাটিতে আঘাত লেগে ভেঙে যায়, তবে আগুন ধরেনি। ভূমি অফিসের সামনে পড়া বোমাটিতে কয়েক সেকেন্ড আগুন জ্বললেও পরিচ্ছন্নতাকর্মীরা তা নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতিও হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থলের আশপাশে রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও ষোলশহর রেলস্টেশন। ফলে এ ধরনের হামলার চেষ্টা শুধু সরকারি দপ্তরের নিরাপত্তা নয়, আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে জিইসি মোড় এলাকায় ফ্লাইওভারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করে ব্যানার টাঙানো হয়েছিল। সব মিলিয়ে ফ্লাইওভারটি ব্যবহার করে রাজনৈতিক বার্তা প্রচার থেকে শুরু করে সহিংস কর্মকাণ্ডের একাধিক নজির পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারগুলোতে পুলিশের নজরদারি নেইÑবিষয়টি এমন নয় বলে দাবি করেছেন নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল আহম্মেদ। তিনি আমার দেশকে বলেন, ‘ফ্লাইওভারে যে আমরা নজরদারি করছি না, বিষয়টি তা নয়। সবকিছুতেই আমাদের নজরদারি রয়েছে। নজরদারি না থাকলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসামি গ্রেপ্তার করছি কীভাবে? অপরাধ সংঘটনের পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেগুলো যাচাই করে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ফ্লাইওভারের উপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ কারণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফ্লাইওভার ব্যবহার করে ঝটিকা মিছিল

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নামে রাজনৈতিক অপতৎপরতা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিইসি, ২ নম্বর গেট, সিআরবি ও লালখান বাজার এলাকায় সংগঠনটির ঝটিকা মিছিলের তথ্য পাওয়া গেছে। এসব কর্মসূচিতে নগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারও ব্যবহার করা হয়।

গত ২৪ এপ্রিল একই দিনে জিইসি, ২ নম্বর গেট ও সিআরবি এলাকায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ১ জুন জিইসি মোড় এলাকায় আবার ঝটিকা মিছিল করা হয়। ওই মিছিলে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ব্যানার দেখা যায়। জুলাইয়ের শেষ দিকে জিইসি মোড়ের ফ্লাইওভারে ফজলে করিমের মুক্তির দাবিতে ব্যানার টাঙানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব অপতৎপরতায় ফ্লাইওভারকে দ্রুত যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেলে করে এসে মিছিল, স্লোগান কিংবা বিস্ফোরক নিক্ষেপের পর দ্রুত সরে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় ব্যবহৃত যানবাহন ও ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রাম নগরীর যানজট কমাতে বিভিন্ন সময় একাধিক ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেÑআখতারুজ্জামান ফ্লাইওভার, এমএ মান্নান ফ্লাইওভার, দেওয়ানহাট ফ্লাইওভার এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

সিডিএর প্রকল্প তথ্যানুযায়ী, মুরাদপুর, ২ নম্বর গেট ও জিইসি জংশনসংলগ্ন আখতারুজ্জামান ফ্লাইওভার প্রকল্পে পাঁচটি র‍্যাম্প ও একটি লুপসহ চার লেনের ৬.৮ কিলোমিটার উড়ালসড়কের সংস্থান রাখা হয়েছিল। তবে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ৫.২ কিলোমিটার। বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের দৈর্ঘ্য ১,৩৩১ মিটার। অন্যদিকে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৬.৫ কিলোমিটার।

এসব উড়ালসড়কের নিচে ও আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়, বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রয়েছে। ফলে উড়ালসড়ক ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ কিংবা সহিংস কর্মকাণ্ড করলে নিচের সড়কে চলাচলকারী মানুষও ঝুঁকিতে পড়তে পারেন।

মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিতে শুধু প্রবেশপথে নজরদারি বাড়ালে হবে না, পুরো স্থাপনার জন্য সমন্বিত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ, নিয়মিত পুলিশ টহল এবং সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তের ব্যবস্থা থাকতে হবে। আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা জরুরি।

তিনি আরো বলেন, কোনো ঘটনা ঘটার পর ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্ত করার পাশাপাশি আগাম প্রতিরোধব্যবস্থা কার্যকর করতে হবে, যাতে সন্দেহজনক তৎপরতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হতে পারে।

সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর পর নগরীর নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে সাম্প্রতিক সময়ে নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতাকারীদের ঠেকাতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী আমার দেশকে বলেন, নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান আরো জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv