1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
জার্মানিতে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক হেলিকপ্টার প্রকৌশলী আইগনার - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জার্মানিতে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক হেলিকপ্টার প্রকৌশলী আইগনার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৭: ১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১২ জন। তবে তাদের সবাই ছিলেন পুরুষ। দীর্ঘদিনের সেই ইতিহাস ভাঙতে যাচ্ছে দেশটি। সবকিছু ঠিক থাকলে জার্মানির প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাবেক হেলিকপ্টার প্রকৌশলী ও রাজনীতিক ইলসে আইগনার।

৬১ বছর বয়সী আইগনারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির চ্যান্সেলর ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ফ্রিডরিখ মের্ৎস। চলতি সপ্তাহে তার নাম ঘোষণার সময় মের্ৎস বলেন, জার্মানির রাষ্ট্রপতি পদে একজন নারীকে দায়িত্ব দেওয়ার সময় এখনই।

আগামী জানুয়ারিতে নির্বাচিত হলে বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন আইগনার। জার্মানির রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও এটি দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। মের্ৎসের দল সিডিইউ ছাড়াও ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এবং বিরোধী দল গ্রিনসের সমর্থন পাওয়ায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশ জোরালো।

প্রকৌশলী থেকে রাজনীতির শীর্ষে

ইলসে আইগনারের রাজনৈতিক জীবন যেমন ব্যতিক্রমী, তেমনি তার শিক্ষাগত ও পেশাগত পটভূমিও প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের ধারার বাইরে। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হেলিকপ্টার উৎপাদন ও নির্মাণ বিষয়ে বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

১৯৯০-এর দশকে স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্টাগের সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার এই ব্যতিক্রমী পেশাগত পরিচয় নিয়ে দেশটির গণমাধ্যমেও আলোচনা চলছে। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও লেখক ইয়র্গ থাডয়ুস মজা করে বলেছেন, জার্মানির প্রথম এমন রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে, যিনি নিজেই একটি সরকারি হেলিকপ্টার মেরামত করতে পারবেন।

অতীতের বাধা পেরিয়ে আজ রাষ্ট্রপতি পদপ্রার্থী

রাজনীতিতে আইগনারের পথচলা সব সময় মসৃণ ছিল না। ১৯৯০-এর দশকের শুরুতে মাত্র ২৭ বছর বয়সে নিজের জন্মশহর বাভারিয়ার ফেল্ডকির্খেন-ভেস্টারহাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অবিবাহিত হওয়ায় তৎকালীন রক্ষণশীল দলের নেতারা তাকে উপযুক্ত মনে করেননি। তাদের যুক্তি ছিল, অবিবাহিত থাকা তার ব্যক্তিগত অবস্থানকে অস্পষ্ট করে তোলে।

সেই সময়ের বাধা পেরিয়ে আজ তিনিই জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।

আইগনারের ব্যক্তিগত জীবনও বেশ সাধারণ। তিনি এখনো নিজের জন্মশহর ফেল্ডকির্খেন-ভেস্টারহামে বসবাস করেন। প্রায় ১০ হাজার মানুষের এই ছোট শহরে পরিবারের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘দি ইলসে’ নামে। শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নেন। কখনো সাইকেল চালিয়ে বাজারে যান, আবার কখনো নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেন।

অসুস্থতার সঙ্গে লড়াই, জীবন সম্পর্কে নতুন উপলব্ধি

জীবনে একাধিকবার গুরুতর অসুস্থতার মুখোমুখি হয়েছেন আইগনার। মাত্র ১৭ বছর বয়সে তার মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে। পরে চল্লিশের দশকে মন্ত্রী থাকাকালে থাইরয়েড ক্যানসারেও আক্রান্ত হন তিনি। এসব কঠিন অভিজ্ঞতা তার রাজনৈতিক চিন্তাভাবনা ও জীবনবোধকে আরো গভীর করেছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দেওয়া বক্তব্যে আইগনার বলেন, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে নিজের ব্যক্তিত্ব ও জীবনের অভিজ্ঞতার মাধ্যমে জার্মানির মানুষের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনার প্রতীক হতে চান তিনি।

রাজনৈতিক বিভাজন দূর করার প্রত্যাশা

আইগনারের মনোনয়নকে ঘিরে জার্মানির রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও সবাই তার প্রতি সন্তুষ্ট নন। দেশটির পার্লামেন্টে সবচেয়ে বড় বিরোধী শক্তি ডানপন্থী পপুলিস্ট দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) তাকে নিজেদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় দিতে বলেছিল। তবে আইগনার সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সহ-নেত্রী অ্যালিস ভাইডেল। তার অভিযোগ, আইগনার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচারের প্রতি যথাযথ সম্মান দেখাননি। একই সঙ্গে এএফডির লাখ লাখ ভোটারের প্রতিও অসম্মান করেছেন।

অন্যদিকে, আইগনারের মনোনয়নকে চ্যান্সেলর মের্ৎসের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নারী নেতৃত্বের বিষয়ে তার অবস্থান নিয়ে অতীতে সমালোচনা ছিল। বিশেষ করে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং তার নেতৃত্বের ধরন নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, আইগনারকে সমর্থন দিয়ে মের্ৎস নিজের রাজনৈতিক ভাবমূর্তিতেও ইতিবাচক পরিবর্তন আনতে চাইছেন।

নারী নেতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে আইগনার

জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্বের অন্যতম প্রভাবশালী উদাহরণ ছিলেন। তার বিদায়ের পাঁচ বছর পর দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আরেকজন নারীর সম্ভাব্য অভিষেককে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন অনেকে।

গ্রিন পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য ব্রিটা হাসেলমান বলেন, জার্মান সমাজ, রাজনীতি ও ব্যবসায় নারীদের প্রতিনিধিত্ব এখনো প্রয়োজনের তুলনায় কম। তাই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে একজন নারীর দায়িত্ব নেওয়ার সময় এসেছে।

তবে তার মতে, শুধু নারী হিসেবে আইগনারের সম্ভাব্য নির্বাচনই গুরুত্বপূর্ণ নয়; বরং রাজনৈতিক ও আদর্শিক বিভাজনে জর্জরিত দেশকে ঐক্যবদ্ধ করার সক্ষমতাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।

হাসেলমানের ভাষায়, বর্তমান মেরুকরণের সময়ে জার্মানির এমন একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন, যিনি মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারবেন, সহমর্মী ও সাধারণ মানুষের কাছের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং গণতন্ত্রে পারস্পরিক সমঝোতার গুরুত্ব তুলে ধরবেন। তার বিশ্বাস, আইগনারের সেই সক্ষমতা রয়েছে।

সব মিলিয়ে, ইলসে আইগনারের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া কেবল জার্মানির নেতৃত্বে নারী প্রতিনিধিত্বের নতুন অধ্যায় নয়; বরং রাজনৈতিক বিভাজন কাটিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটি নতুন প্রত্যাশাও তৈরি করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv