

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৬
এনসিএল সেকেন্ড ইলেভেনের ফাইনালে খুলনাকে ইনিংস এবং ৩৫ রানে হারিয়েছে ঢাকা। পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে খুলনাকে ১৩৭ রানে অলআউট করে ঢাকা। জবাব দিতে নেমে ৮ উইকেটে ৩২৪ রান করে ঢাকা। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় খুলনা।
ফাইনাল ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন ঢাকার অধিনায়ক আহরার আমিন। ব্যাট হাতে ১৫৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তবে ফাইনাল ম্যাচের সেরা বোলার ইয়াসিন হাসান। দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন এই স্পিনার।
জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম আয়োজিত হলো দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ৩ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে ঢাকা। খুলনা পেল দেড় লাখ টাকা।
রাউন্ড রবিন লিগে সাত ম্যাচে চার জয়, দুই ড্রয়ে শীর্ষে ছিল ঢাকা। লিগ পর্বে দাপট ছিল খুলনারও। ৭ ম্যাচের একটিতেও হারেনি তারা। ফাইনালের লড়াইয়েও জায়গা করে নেয় এই দুই দলই। তবে শিরোপার মঞ্চে ঢাকার মুখোমুখি হয়ে তেমন সুবিধা করতে পারেনি খুলনা।
১৮৭ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করা খুলনার সামনে শেষ দিন লড়াইটা ছিল ম্যাচ বাঁচানোর। তবে দুই প্রান্তে ইয়াসিন ও আহরারের স্পিনে মাত্র ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে খুলনা। পরে জাওয়াদ ৮৫ বলে ৭৬ রানের ইনিংস খেললেও পরাজয় এড়াতে পারেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.