

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ৫২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিপু (৬২) এবং তার ছেলে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান শুক্রবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মো. হাবীবুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শিহাবুর রহমান শিহাব কোম্পানীগঞ্জ এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালান। তাঁর বাবা শামছুর রহমান টিপু এসব কার্যক্রমে অর্থায়ন ও নানামুখী পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছিলেন।
তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে (জেলহাজতে) পাঠানোর নির্দেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.