

দীর্ঘদিন পর অনেক সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় কেউ আনন্দে আত্মহারা, কেউবা আবেগাপ্লুত। পুরোনো বান্ধবীদের সঙ্গে গল্প, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে ফিরে যান শিক্ষাজীবনের সেই সোনালি দিনগুলোতে। তাঁদের সঙ্গে উৎসবে যোগ দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষকেরাও। ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষের আয়োজনের এমনই আনন্দ–উচ্ছ্বাস আর আবেগপূর্ণ পরিবেশ দেখা গেল। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন ব্যাচের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। গোলাপি ও সাদা রঙের সাজে, হাতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে বাদ্যযন্ত্রের তালে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পুরোনো সহপাঠী, প্রিয় শিক্ষক আর স্মৃতিমাখা বিদ্যালয়কে ঘিরে আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এই বিদ্যাপীঠ বরিশালে নারীশিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই প্রতিষ্ঠানটি ১৯২৩ সালে ‘বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয়’ নামে স্থায়িত্ব লাভ করে এবং ১৯৬১ সালে জাতীয়করণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নামে পরিচিতি পায়। শত বছরের শিক্ষা, ঐতিহ্য ও অসংখ্য স্মৃতির সাক্ষী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তাই শতবর্ষের আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ।
Leave a Reply
You must be logged in to post a comment.