1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০: ৫১

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানো, সহজ শর্তে দ্রুত অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার আহ্বান উঠেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ।

শনিবার কপ৩১-এর ষষ্ঠ দিনে আনতালিয়া এক্সপো সেন্টারের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিষয় উঠে এসেছে। এর আগে অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় সরকার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করে বাস্তব প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এদিকে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবির সঙ্গে একমত হলেও দুর্নীতিমুক্তভাবে তহবিল খরচ নিশ্চিত চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী যে পাঁচটি দাবি জানিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে জামায়াতের পক্ষ থেকে কপ৩১ এ অংশ নেওয়া প্রতিনিধিদল। তবে বাংলাদেশের জন‍্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব‍্যবহার করা হয়, তাও নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল।

শনিবার আনতালিয়ায় কপ৩১ ভেন‍্যুর বাংলাদেশ প‍্যাভিলিয়নের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস‍্য ও কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব‍্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

এ সময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।

সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন। জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন। এই থ্রি জিরো ভিশন বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় জামায়াত। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধিদলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।

জলবায়ু অর্থায়নের কেন্দ্রে থাকতে হবে শিশু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২.৪ শতাংশ ব্যয় হচ্ছে শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও সেই অর্থের সুফল শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও প্রবেশপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়নসংশ্লিষ্ট কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু : শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক সেশনে এসব কথা বলেন বক্তারা। সেশনটির আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। সেশন সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ম্যানেজার শোহাইল বিন সাইফুল্লাহ। এতে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মানসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও উইংপ্রধান একেএম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

গত শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়নে ইএসডিও আয়োজিত ৯০ মিনিটের বিশেষ অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি শুধু অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করা যায় না। মানুষের মর্যাদা, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক, মানসিক নিরাপত্তা এবং ঐতিহ্য হারানোর ক্ষতিও জলবায়ু ন্যায়বিচারের আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ, জলবায়ু গবেষক, মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কপ৩১ বিজনেস ফোরামে ৪ হাজার প্রতিনিধি

তুরস্কের চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ ইউনিয়ন (টিওবিবি) আয়োজিত দুই দিনব্যাপী কপ৩১ বিজনেস ফোরামে জলবায়ু অর্থায়ন ও বেসরকারি খাতের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৩টি অধিবেশনে প্রায় চার হাজার অংশগ্রহণকারী এবং ১০০ জন বক্তা এতে অংশ নেন।

জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোগ

জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কপ৩১ প্রেসিডেন্সির অন্যতম উদ্যোগ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন সেতু প্ল্যাটফর্ম। নতুন করে চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়া এই উদ্যোগে যুক্ত হয়েছে। এর আগে ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান প্রথম দল হিসেবে যুক্ত হয়েছিল। উদ্যোগটির মূল লক্ষ্য হলো দেশগুলোর জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর করা এবং প্রয়োজনীয় অর্থায়ন, কারিগরি সহযোগিতা ও বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে সংযুক্ত করা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv