

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫: ৪৫
জাতীয় রাজনৈতিক চরিত্রের পরিবর্তন না হলে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে জেডিপির কেন্দ্রীয় কার্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) এ সভার আয়োজন করে।
অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ। মওলানা ভাসানী তার জীবনের প্রতিটি মুহূর্ত কৃষক, শ্রমিক ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ব্যয় করেছেন।
তিনি বলেন, রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেও ভাসানী কখনো দরিদ্র কৃষকদের অধিকারের কথা ভুলে যাননি। জনগণের প্রয়োজনেই তিনি বারবার সংগঠন গড়ে তুলেছেন এবং প্রয়োজনে সেসব সংগঠন থেকে বেরিয়েও এসেছেন। নেতৃত্ব দিতে গিয়ে তিনি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, আসাম থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন।
জেডিপির সদস্যসচিব বলেন, মওলানা ভাসানী ‘পালনবাদ’ বা ‘রুবুবিয়াত’-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য রাজনীতি করার কথা বলেছেন। তার দর্শন ছিল, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হলে সেই রাজনীতি জনগণের কল্যাণে আসতে পারে না।
তিনি আরো বলেন, একদিকে সমাজতন্ত্র, অন্যদিকে স্রষ্টার দাসত্ব—এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে ভাসানী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য থেকেই তিনি ‘হুকুমতে রব্বানিয়া’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন।
ভাসানীর বহুমাত্রিক পরিচয়ের কথা উল্লেখ করে অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, তিনি কখনো মজলুম জননেতা, কখনো লাল মাওলানা, আবার কখনো মুসলিম সমাজতন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন বাংলার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের নেতা।
তিনি উল্লেখ করেন, মওলানা ভাসানী ধর্মভীরু কৃষক সমাজের কাছে সহজবোধ্য ভাষায় শোষণবিরোধী রাজনীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। আর সেই ভাষাটি ছিল ইসলাম।
ভাসানীর রাজনৈতিক দর্শনের মূল দিক তুলে ধরে তিনি বলেন, ভাসানী বিশ্বাস করতেন, জাতীয় মুক্তি ও অর্থনৈতিক মুক্তি একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। কৃষক-শ্রমিকের মুক্তি ছাড়া স্বাধিকার অর্থহীন। আবার স্বাধিকার ছাড়া শোষণের অবসানও সম্ভব নয়।
তিনি আরো বলেন, ভাসানীর রাজনৈতিক দর্শন কোনো গ্রন্থাগারে বসে তৈরি করা তত্ত্ব নয়; বরং মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে স্বাভাবিকভাবে গড়ে ওঠা চিন্তাধারা। সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অভিজ্ঞতাকেই তিনি রাজনৈতিক ভাষা দিয়েছিলেন। এ কারণেই তার চিন্তা ছিল সহজ-সরল, কিন্তু অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ।
জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত, যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বির প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.