

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮: ০২
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। মিরপুরে সোয়া দুই কেজি গান পাউডারসহ নিষিদ্ধ দলটির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পলাতক কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে ঘুমন্ত হেলপারকে হত্যা করেছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী দৃর্বুত্তরা ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন দিয়েছে। নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজশাহী ও বরিশালে গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চালিয়েছে তারা। গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোলবোমা ও ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার এসব ঘটনা ঘটে।
মিরপুরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। গতকাল সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ আওয়ামী নেতাকর্মী লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনের নিচে ভাঙচুর চালায়। ভবনটির চারতলায় ডিএনসিসি প্রশাসক মিলটনের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে তারা কার্যালয়ে ঢুকতে পারেনি। ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটেও ভাঙচুর করা হয়। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার আগে হঠাৎ শতাধিক লোক এসে হামলা চালায়। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন।
নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে আগুন
দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িটি নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর। পুলিশ জানিয়েছে, ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি মিছিল নিয়ে এসে বাড়িটিতে হামলা চালায়। তারা বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। ভাঙচুর করা হয় কেয়ারটেকারের কক্ষও। পরে স্থানীয় লোকজন ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কাফরুল থানার এএসআই শিলা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
সোয়া দুই কেজি গান পাউডারসহ তিনজন গ্রেপ্তার
মিরপুরে নাশকতার অভিযোগে দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তাররা হলোÑমামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং মেঘলা মিলি (৪১)।
সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টায় মিরপুর গোয়েন্দা বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান চালায়। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদকে দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুর ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করেন। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তর করতে গান পাউডার ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করেন।
নাশকতার অভিযোগে ৭১ নেতাকর্মী গ্রেপ্তার
গতকাল ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বলা হয়েছে, নাশকতার অভিযোগে ডিএমপি নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে তাদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হয়নি।
ডিএমপির তথ্যানুযায়ী, তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি ককটেল উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল মিরপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলমগীর কবির সায়মন (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ককটেল, পেট্রোলবোমা ও বাসে আগুন
পল্লবীর সাগুফতা এলাকায় গতকাল বিকালে রাস্তার পাশে পার্কিং করা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদ গেট, বসিলা, রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশ এবং তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপের খবর পাওয়া যায়। এছাড়া যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে সামাদ সুপার মার্কেটের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
কোতোয়ালিতে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। হাটখোলা এলাকায় একটি টেলিভিশন কার্যালয়ের সামনে, মহাখালী বাস টার্মিনাল ও খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানীর ১১ নম্বর সড়কে একটি ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেখানে কাচের বোতল, স্কচটেপ ও পোড়া কাপড়ের অংশ পাওয়া যায়।
এছাড়া পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করে পুলিশ। তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহন, বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহন এবং রামপুরা সেতুর কাছে রাইদা পরিবহনের বাসেও আগুন দেওয়া হয়। মিরপুর চিড়িয়াখানা সড়কেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
মৌচাক ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
মৌচাক ও খিলগাঁও এলাকায় গতকাল সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খিলগাঁওয়ের কেএফসির সামনে একটি এবং মৌচাকের ফরচুন মার্কেটসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরিত হয়।
পিরোজপুরে ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত হেলপারকে হত্যা করেছে দৃর্বুত্তরা। নিহত হেলপার মো. সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুরে। জেলা বিএনপির অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সিয়ামকে পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি জগলুল হাসান।
জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির বাহক ও ঝালকাঠি বাস মালিক সমিতির লিসা নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাহক বাসটির ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, নাজিরপুরে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। একই রাতে তারা একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।
কালিয়াকৈরে পেট্রোলবোমাসহ গ্রেপ্তার ৫
গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোলবোমা নিক্ষেপ ও নাশকতাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। গতকাল রিমান্ড চেয়ে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলোÑতারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৪), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) এবং কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১)।
মুরাদপুরে পুলিশ বক্সে আগুন
চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের বাইরের কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে মঙ্গলবার রাত ২টার দিকে এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লায় ট্রেনের বগি ও লেগুনায় আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া আগুনে একটি ট্রেনের বগি ও দুটি লেগুনা পুড়ে গেছে। গতকাল ভোরে চাষাঢ়া রেলস্টেশন ও চানমারী এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
কুমিল্লায় পলাতক এমপি বাহারের বাড়িতে আগুন
কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
৭২ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪
কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। গত ১৫ থেকে ১৭ নভেম্বর রাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ সদস্য রয়েছেন।
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে আওয়ামী দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৪৮ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে মশাল হাতে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মঙ্গলবার রাত ১টার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কিশোরগঞ্জে ১২ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মতৎপরতায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত ১টা ২৪ মিনিটে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তা থেকে ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে জানালায় আগুন ধরে যায়।
রাজশাহী কলেজ ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
গ্রেপ্তাররা হলো মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বরিশালে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ করেছে আওয়ামী দুর্বৃত্তরা। গতকাল ভোরে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুষ্কৃতকারী নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা পেট্রোল ঢেলে তিনতলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
পাবর্তীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন
দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা অফিসে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা অগ্নিসংযোগ করেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের পাবর্তীপুর উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের অফিস কক্ষের বারান্দায় পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বারান্দার দেয়ালের চারপাশের বৈদ্যুতিক ওয়্যারিং পুড়ে যায়।
বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহরের হরিণখানা এলাকায় তার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আওয়ামী দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনার সময় বিএনপি নেতা হিরো বাসায় ছিলেন না। সিসিটিভি ফুটেজে এক যুবককে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যেতে দেখা গেছে।
সরিষাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো ভাটারা ইউনিয়নের ভেবলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছাত্রলীগের সক্রিয় কর্মী রাসেল মাহমুদ (২৭) এবং ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কুরবান আলী (৫৫)।
সিলেটে চার নেতাকর্মী গ্রেপ্তার
সিলেট নগরী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল অর্থের বিনিময়ে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বিকালে বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এ তথ্য জানান। আটকরা হলেন শিবপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মো. বারি (৪২)।
নিষিদ্ধ যুবলীগের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক শরিফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মঙ্গলবার রাতে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ এমপি বাবরের অফিসে অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কেএম বাবরের অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানা এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভেঙে আগুন ধরিয়ে দেয়। ক্লিনিকের নিচতলায় এমপি বাবরের ব্যক্তিগত অফিস ছিলে। এছাড়া কাশিয়ানীর সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা]
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.