

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৫: ২০
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং অনাহারে রাখার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত জাতিসংঘ-আসিয়ান ১৬তম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব দাবি তুলে ধরেন আনোয়ার ইব্রাহিম। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও ফিলিস্তিনিদের ওপর চলমান নির্যাতন, জোরপূর্বক উচ্ছেদ ও ক্ষুধার পরিস্থিতির নিন্দা জানান তিনি।
আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নৃশংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও অনাহারে রাখার ঘটনাকে মালয়েশিয়া কঠোরভাবে নিন্দা জানায়। এসব পরিস্থিতির অবসানে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং সহায়তাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার মতে, ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজায় ইসরাইলি হামলার মধ্যে বন্যা পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে আনোয়ারের এ বক্তব্য এলো। গাজায় বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকটের পাশাপাশি পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর চাপ ও সহিংসতা অব্যাহত রয়েছে।
গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনে চীনের অবদানেরও প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এ কাজে চীনের সহযোগিতাকে মালয়েশিয়া স্বাগত জানায়।
জাতিসংঘের সংস্কার ও ভেটো ক্ষমতা বাতিলের আহ্বান
শীর্ষ সম্মেলনে জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বিলুপ্ত করার আহ্বান জানান।
আনোয়ারের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভেটো ক্ষমতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ন্যায়সংগত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে। বৈশ্বিক সংকট ও মানবিক বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর করতে সাহসী সংস্কার প্রয়োজন।
এ ছাড়া ২০২৬-২০৩০ মেয়াদের আসিয়ান-জাতিসংঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাস্তবভিত্তিক অগ্রগতির ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
আনোয়ার বলেন, ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আসিয়ানকে আঞ্চলিক কেন্দ্রীয় ভূমিকা এবং আন্তর্জাতিক আইনের সর্বোচ্চতা বজায় রাখতে হবে।
১৫ থেকে ১৭ নভেম্বর ফিলিপাইনের সভাপতিত্বে ম্যানিলায় ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করছেন সদস্য দেশগুলোর নেতারা।
সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি ও বারনামা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.