

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ৩৮
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল ও অন্যান্য শিক্ষক। এ সময় তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জাতীয় ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগরের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এখানে কোনো একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা এবং সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপ প্রশংসনীয়। তবে সরকারের এই ধৈর্যের সুযোগ নিয়ে কাউকে পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ দেওয়া উচিত নয়।
সভাপতির বক্তব্যে ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর বলেন, গত ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাস পরে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা অগ্নিসন্ত্রাস কিংবা সন্ত্রাসী কায়দায় আবার ফিরে আসার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গড়ার কাজে তাঁদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।
আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এই পদক্ষেপ প্রকৃত আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে।’ তিনি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রতিটি নাগরিকের বেঁচে থাকা, মতপ্রকাশ, প্রতিবাদ ও অন্যান্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. রুমানা পারভীন অ্যানিসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.